
রিয়াল মাদ্রিদ ও লিভারপোলের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিতের পর থেকে সবার আলোচনার কেন্দ্রে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহ। দুজনের কেউই কিয়েভে শিরোপার লড়াইয়ে জ্বলে উঠতে পারলেন না। রোনালদো কঠিন পরীক্ষা নিতে পারেননি লিভারপুলের রক্ষণভাগের।
মিসরি তারকা মোহাম্মদ সালাহের দিকেও চোখ ছিল সবার। সালাহ যেন প্রতিনিধিত্ব করছিলেন এশিয়া, আফ্রিকা ও মুসলিম বিশ্বের। যদিও বিশেষজ্ঞরা খেলার সাথে ধর্ম ও আঞ্চলিকতাকে মেলাতে নারাজ, তবে জন পরিসরে সালাহকে নিয়ে একটা চাপা আগ্রহ ছিল ও আছে। ফলে সবাই কামনা করেছিল সালাহের হাত ধরে শিরোপা জিতবে লিভারপোল।তবে সালাহ সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না। আধ ঘণ্টা যেতেই তিনি ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন।
দুই তারকার নিভে যাওয়ার দিনে জ্বলে উঠলেন গ্যারেথ বেল, যাকে নিয়ে নানা গুঞ্জনের মধ্যে আস্থা রেখেছিলেন জিনেদিন জিদান।
।২০১৬ সালে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে সেই যে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল রিয়াল মাদ্রিদ, সেটা তারা ধরে রাখল টানা তৃতীয় বছর। গত বছর জুভেন্টাসকে হারিয়ে টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপার রেকর্ড গড়েছিল তারা। এবার অনন্য নজির তারা গড়ল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে। শনিবার কিয়েভে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারাল রিয়াল।
