বরিশালে বাস-মহেন্দ্র সংঘর্ষ : নিহতের সংখ্যা বেড়ে ৬

বরিশাল-বানারীপাড়া সড়কের গরিয়ারপাড়ের তেঁতুলতলায় বাস ও মাহেন্দ্রের সংঘর্ষের ঘটনায় আহত পারভীন বেগম (৩৫) নামে আরেক যাত্রী নিহত হয়েছেন। তবে তার শিশুসন্তান তাইয়ুম (৭) হাসপাতালে এখনও চিকিসাধীন।

শুক্রবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত পারভীন বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়াল।

শুক্রবার সকালে নগরীর গরিয়ারপাড় এলাকাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের তেঁতুলতলা নামক স্থানে বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের মাস্টার্সের গণিত প্রথম বর্ষের ছাত্রী শীলা হালদার (২৪) নিহত হন।

আর হাসপাতালে নেয়ার পথে মানিক ও খোকন মারা যান। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন সোহেল (২৫) ও ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত দুলাল হাওলাদার (৩৫), তন্নি আক্তার (১৭), শিশু তাইয়ুম (৭), সুমন (২৫) ও সাত বছর বয়সী এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ইউনুস আলী জানিয়েছেন, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে বরিশাল থেকে বানারীপাড়ার দিকে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকাধীন তেঁতুলতলা নামক স্থানে স্বরূপকাঠি থেকে বরিশালগামী দুর্জয় পরিবহনের একটি বাসের সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়।

আগের সংবাদঋণের দায়ে বন্ধ হচ্ছে ভারতীয় বিমানসংস্থা?
পরবর্তি সংবাদইরাকে ফেরিডুবিতে নিহত বেড়ে ১০০