
ফাতেহ ডেস্ক
শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু’র নবনির্বাচিত কার্যকরী পর্ষদের পথ চলা। আজ শনিবার ডাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সভার মাধ্যমে দায়িত্ব বুঝে নেন ডাকসুর ২৫টি পদে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা।
সভায় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্যপদ দেয়ার প্রস্তাব পাশ হয়েছে। কিন্তু এই নির্বাচন যেহেতু বিতর্কিত সেহেতু প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ দেয়ার বিষয়ে বিরোধিতা করেন ভিপি নূর। তবে ভিপি ছাড়া বাকি ২৪ জন প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ দেয়ার প্রস্তাবে একমত হয়েছেন।
আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনের অডিটোরিয়ামে এই সভা শুরু হয়। এর মধ্য দিয়ে ভিপি নূরুল হক নূর ও জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বাধীন ডাকসুর ৩৬৫দিনের মেয়াদ শুরু হলো।
একইভাবে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদে নির্বাচিতরাও শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। হল সংসদের সভা বসে সংশ্লিষ্ট হলগুলোতে। গঠনতন্ত্র অনুসারে হল সংসদের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রাধ্যক্ষরা।
সভা শেষে বিশ্ববিদ্যালয় ভিসি আখতারুজ্জামান বলেন, আমি আশা করছি ভিপি জিএসসহ সকল সম্পাদক তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বিশ্ববিদ্যালয় তাদেরকে সব ধরণের সহায়তা করবে। সকল সমস্যা চিহ্নিত করে ডাকসু নেতৃবৃন্দ প্রশাসনকে জানাবে এবং বিশ্ববিদ্যালয় তা সমাধানে এগিয়ে আসবে।
