
ফাতেহ ডেস্ক
নির্বাচন-পরবর্তী কর্মসূচি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন না থাকায় নেতা-কর্মীদের প্রশ্নের মুখে পড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনাসভার মধ্যে এ নিয়ে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। তখন দলের নেতাকর্মীদের আবেগতাড়িত না হয়ে ধৈর্য ও সাহস নিয়ে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন মহাসচিব।
বিএনপির সাবেক মহাসচিব কে ওম ওবায়দুর রহমানের স্মরণসভায় তৈরি হয় এমন দৃশ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেয়ার সময় দর্শকসারি থেকে চেয়ারপারসনের মুক্তির দাবিতে কেন আন্দোলন নেই, সে প্রশ্ন তোলেন ছাত্রদলের এক নেতা। এমন পরিস্থিতিতে তাঁকে মঞ্চে ডাকেন বিএনপি মহাসচিব।
এর আগে, নির্বাচনে অংশ নেয়া এবং ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের প্রশ্নের মুখে পড়েন দলের মহাসচিব।
পরে মির্জা ফখরুল বলেন, বিএনপির ঐক্য এবং দলে ভাঙ্গন তৈরির ষড়যন্ত্র এখনো চলছে। আবেগ দিয়ে আন্দোলন হয় না, এমনটাও বলেন তিনি।
সবাই ঐক্যবদ্ধ হলে খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রর বিজয় অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
