৬ সপ্তাহের জামিন পেলেন সাবেক পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

ফাতেহ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চিকিৎসার জন্য ছয় সপ্তাহের জামিন পেয়েছেন। তবে তাঁকে দেশের ভেতরেই চিকিৎসা করাতে হবে।

আজ মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ নওয়াজের করা এক জামিন আবেদন গ্রহণ করে ওই আদেশ দেন। সেইসঙ্গে দেশটির সাবেক এ প্রধানমন্ত্রীকে এক কোটি রুপি মূল্যমানের দুটি জামিন বন্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাক গণমাধ্যম ডন বলছে, সংক্ষিপ্ত আদেশে প্রধান বিচারপতি বলেছেন, ছয় সপ্তাহ শেষ হলে নওয়াজ শরিফ নিজেই কারাগারে আত্মসমর্পণ করবেন। আর সেটা করতে ব্যর্থ হলে তাকে গ্রেফতার করা হবে। সেইসঙ্গে জামিনে থাকা অবস্থায় তিনি দেশে বাইরে যেতে পারবেন না।

খবরে বলা হয়েছে, নওয়াজ শরিফের আইনজীবী ‘জরুরি এনজিওগ্রাফি’ করানোর কথা বলে আট সপ্তাহের জামিনের আবেদন করেন। কিন্তু আদালত ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন। তবে সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী চিকিৎসার জন্য আরো সময় লাগলে আবারো সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে পারবেন তিনি।

উল্লেখ্য, আল আজিজিয়া দুর্নীতির মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন নওয়াজ শরিফ।

এদিকে, পিতার জামিনে স্বস্তি প্রকাশ করেছেন নওয়াজ-কন্যা মরিয়ম নওয়াজ। সেইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি এবং নওয়াজের দল পিএমএল-এন-এর মুখপাত্র মরিয়াম আওরঙ্গজেবসহ অন্য নেতারা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আগের সংবাদআইএস সন্দেহে ভারতে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার
পরবর্তি সংবাদঢাকায় শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগে বিক্ষোভ