
ফাতেহ ডেস্ক
রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার হয়েছে। তাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ওই বাড়ির সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে উত্তরা তিন নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাঁচ নম্বর ভবন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির নাম বৈশাখী।
পুলিশ জানায়, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত জনৈক রিফাত ফেরদৌসের বাসায় কাজ করতো বৈশাখী। বাসাটিতে স্ত্রী, এক সন্তান ও গৃহকর্মীকে নিয়ে থাকেন তারা।
পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, রিফাত পুলিশকে খবর দিলে বাসায় গিয়ে একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে জানালায় ঝুলন্ত অবস্থায় বৈশাখীর লাশ পাওয়া যায়।
রিফাত ও তার স্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, ছুটির দিন হওয়ায় তারা দেরি করে ঘুম থেকে উঠে দেখে পাশের ঘরের দরজা ভেতর থেকে লাগানো এবং গৃহপরিচারিকা নেই। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় পুলিশকে খবর দেন গৃহকর্তা।
এদিকে শিশুটির মৃত্যু খবরে আত্মীয়-স্বজনরা ছুটে আসে। তারা অভিযোগ করেন শিশুটিকে হত্যা করা হয়েছে। এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। একপর্যায়ে বাসার নিচতলা থেকে আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেন।
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বৈশাখীর স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হবে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
