
ফাতেহ ডেস্ক
পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে বন্দি খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তরের বিরোধিতা করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অসুস্থ বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে অমানবিক আচরণ করছে সরকার।’
দুর্নীতির দুটি মামলায় দণ্ড নিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দি হিসেবে এক বছরের বেশি সময় ধরে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিএনপি’র নেতারা বলে আসছেন, পরিত্যক্ত কারাগারে স্যাঁতসেতে ভবনে রেখে তাদের নেত্রীকে আরও অসুস্থ করেছে সরকার। চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের পর ঘটনাস্থলের কাছেই অবস্থিত ওই কারাগারে বন্দি খালেদা জিয়ার নিরাপত্তা নিয়েও উৎকন্ঠা প্রকাশ করেছিল বিএনপি।
এদিকে গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পুরনো কারাগারটি জাদুঘরে রূপান্তরের কাজ শিগগিরই শুরু করা হবে। তাই খালেদা জিয়াকে সেখান থেকে কেরানীগঞ্জের কারাগারে সরিয়ে নেয়ার কথা ভাবা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীল বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী আহমেদ বলেন, ‘যখন গোটা জাতি তার মুক্তির জন্য, তার সুচিকিৎসার জন্যে সোচ্চার, দেখুন তখন জনগণের কাছে জবাবদিহিহীন সরকার কী কথা বলছে; কত বড় অমানবিক হতে পারেন তারা।’
প্রসঙ্গত, নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে দুই বছর আগে সব বন্দিকে কেরানীঞ্জের নতুন কারাগারে সরিয়ে নেয়া হয়।
কেরানীগঞ্জের অত্যাধুনিক কারাগারে সাবকিছুর সুব্যবস্থা রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেও, সেখানে সুবন্দোবস্ত নেই বলে দাবি করেন রিজভী। নির্মাণাধীন একটি কারাগারে স্থানান্তরের সরকারি চিন্তাভাবনা ‘মনুষ্যত্বহীন পদক্ষেপ’ বলে উল্লেখ করেন তিনি।
