
ফাতেহ ডেস্ক
আজ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ বুধবার বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম মেরাজের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করবেন।
৬২০ খ্রিস্টাব্দের এই রাতে মহানবী হজরত মোহাম্মদ (সা.) বোরাক নামের বাহনে ঊর্ধ্বলোকে গমন করেন এবং সিদরাতুল মুনতাহায় উপস্থিত হন। তারপর সেখান থেকে তিনি ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন। সেখান থেকে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।
ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্যে দিয়ে এই রাত অতিবাহিত করেন।
