
ফাতেহ ডেস্ক
নিয়ম ভেঙে যত্রতত্র রাস্তা পার হলে পুলিশ বক্সে এক ঘন্টা আটকে ট্রাফিক কাউন্সিলিং করা হয়। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর ট্রাফিক বিভাগ। ট্রাফিক পুলিশ বলছে, এই কাউন্সিলিংয়ে সচেতন হচ্ছে পথচারী। আর পথচারীরা বলছেন, এর ফলে নিজেদের ভুল বুঝতে পারছেন তারা।
রাজধানীর কাকলি। ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন অনেকেই। কেউ হাতের ইশারায় গাড়ি থামিয়ে, আবার কেউ বা দৌড়ে পার হচ্ছেন ব্যস্ত সড়ক।
কাকলিতে এভাবে নিয়ম ভেংগে যারা সড়ক পার হচ্ছেন তাদের জন্য অন্যরকম ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর উত্তর ট্রাফিক বিভাগ। নিয়ম ভঙ্গকারিদের আটক করে ১ ঘন্টার কাউন্সিলিং দিচ্ছে তারা। পড়ানো হচ্ছে ট্রাফিক আইনের হ্যান্ড বই।
ট্রাফিক বিভাগ বলছে, পথচারিদের এমন কাউন্সিলিংয়ে সুফল পাচ্ছেন তারা।
ঢাকা মহানগর উত্তরের ডিসি প্রবীর কুমার রায় বলেন, এই কাউন্সিলিংয়ের ফলে আমরা বেশ ভালো ফল পাচ্ছি। আগের চেয়ে ফুটওভার ব্রীজ ব্যবহার করার প্রবণতা অনেক বেড়েছে। যতক্ষন না এটা পুরোপুরিভাবে ঠিক হচ্ছে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাবো। এখানে যারা কাউন্সিলিংয়ের জন্য আসছেন তারাও বুঝতে পারছেন তারা ভুল করেছে, ভবিষ্যতে তারা আর এমন ভুল করবেন না বলেও আমাদের জানান।
কাউন্সিলিং নেয়া পথচারিরাও বলছেন, ভুল বুঝতে পারছেন তারা। কাউন্সিলিং নেয়া কয়েকজন পথচারি জানান, আমরা আসলেই বুঝতে পারছি আমাদের ভুলটা। আর উনাদের এই উদ্যোগ যথেষ্ট ভালো। আমরা এখানে এসে নতুন ট্রাফিক আইন সম্পর্কেও শিখতে পারছি। আমাদের ভুলটাও আমরা সংশোধন করতে পারছি। এমন উদ্যোগ যদি সব জায়গায় নেয়া হয় তাহলে পথচারিরা আরও সচেতন হবে, দুর্ঘটনার সংখ্যাও কমবে।
এমন উদ্যোগে ফুট ওভার ব্রিজ ব্যবহারসহ ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়বে বলে মনে করছেন সবাই।
