
ফাতেহ ডেস্ক
চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ শুক্রবার সকাল ৮টার পর রয়েল ভুটান এয়ারলাইনসে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সকাল ৮টা ২০ মিনিটে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। স্বাক্ষরিত হবে কয়েকটি চুক্তি।
বিকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গেও এদিন বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে (শিমুল) দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে (চামেলী) দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।
