
ফাতেহ ডেস্ক
বিজিএমইএ ভবন ভাঙতে আরও এক বছর সময়ে চেয়ে করা আবেদন তিন দিনের মধ্যে প্রত্যাহার করে নেয়ার জন্য বিজিএমইকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ। এদিকে মালামাল সরাতে শিগগিরই রাজউকের কাছে আবেদন করবে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ; জানালেন সংগঠনটির যুগ্ম সচিব প্রকৌশলী মনিরুজ্জামান।
আজ বুধবার সকাল থেকেই পরিত্যক্ত ভবনটির সামনে পুলিশ পাহারা দেখা গেছে। আর ভবনের সামনে জড়ো হয়েছেন সেখানকার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারিরা। তারা বলছেন, বিজিএমইএ’র আশ্বাসেই তারা এতদিন মালপত্র সরাননি। এমনকি রাজউকও গতকাল এক সপ্তাহ সময় দেয়ার আশ্বাস দেয়া হয়েছিলো বলে দাবি করছেন তারা।
এর আগে, ১৬ই এপ্রিল বিজিএমইএ ভবন ভাঙতে আরও এক বছর সময় চেয়ে চেম্বার আদালতে আবেদন করে সংগঠনটি। কিন্তু সময় চেয়ে করা আবেদন চেম্বার আদালতে উপস্থাপন ও শুনানি না হওয়ায় এবং আগের আদেশ বহাল থাকায় ভবন ভাঙতে পারবে রাজউক বলে জানিয়েছেন মামলার এমিকাস কিউরি মনজিল মোরশেদ।
অন্যদিকে, রাজউক জানায়, ভবনটি ভাঙতে বিজিএমইএ’কে দেয়া সময় পার হয়ে যাওয়ার পরই সরকার এই ভবনটি ভাঙার কার্যক্রম শুরু হচ্ছে। ভবনটি ভাঙার জন্য রাজউকের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
২০১৬ সালের নভেম্বরে ভবন ভাঙার নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রিভিউ আবেদন করেও কাজ না হলে মুচলেকা দিয়ে গেল ১২ই এপ্রিল পর্যন্ত এই ভবনে থাকার অনুমতি নেয় বিজিএমইএ।
