
ফাতেহ ডেস্ক: নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারেই ঈদ উদযাপন করতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ঈদের আগে কারামুক্ত হতে পারছেন না তিনি। কুমিল্লার দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ২৪ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ মামলায় স্থগিতাদেশ দেন। ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ বা ১৭ জুন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এর আগে কারামুক্ত হতে না পারায় বিএনপি নেত্রীকে কারাগারেই ঈদ উদযাপন করতে হবে।
২৮ মে কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। পরদিন মঙ্গলবার হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিন স্থগিত করে আদেশ দেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত। একইসঙ্গে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
২৮ মে কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয়ার পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছিলেন, অফিসিয়ালি খালেদা জিয়া তিনটি মামলায় ‘অ্যারেস্ট’ আছেন। একটি জিয়া অরফানেজ ট্রাস্ট, যেটাতে আগেই জামিন পেয়েছেন। আর বাকি দুটায় আজ জামিন হয়েছে। এখন অন্য কোনো মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ নেই। আজকের আদেশের পর খালেদা জিয়ার মুক্তিতে আইনগত বাধা নেই। তবে এরপর সরকারের যদি ‘অসৎ উদ্দেশ্য’ থাকে তাহলে কোনো মামলায় ‘অ্যারেস্ট’ দেখাবে।
এরপর ওইদিন দুপুরেই রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে খালেদার জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। আবেদনের পর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির জন্য ২৯ মে দিন ধার্য করেন। আজ বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৌঁছলে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বাসে আগুন ধরে ৮ জন যাত্রী পুড়ে মারা যান।
এ ঘটনায় দুটি মামলা হয়। মামলা দুটিতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। চলতি বছরের ২ জানুয়ারি কুমিল্লা জেলা ও দায়রা জজ ২টি মামলায় খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের ৭৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
