
ফাতেহ ডেস্ক
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে হাইকোর্ট ধর্মীয় কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। বিচারপতিদ্বয় বলেন, শবেবরাতের দিন নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা এখন আর হস্তক্ষেপ করব না। আপনারা চাইলে অন্য হাইকোর্ট বেঞ্চে যেতে পারেন।
বৃহস্পতিবার শাবান মাসের চাঁদ দেখা নিয়ে রিটের শুনানিতে হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।
এরপর রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খোন্দকার আদালতকে বলেন, এ বছরের জন্য নয়, ভবিষ্যতের জন্য চাঁদ দেখার পদ্ধতিগত বিষয় নিয়ে একটা আদেশ দিতে পারেন। এক্ষেত্রে চাঁদ দেখায় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনের নির্দেশ দিতে পারেন।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে জানিয়েছিল, ওই দিন দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।
