
ফাতেহ ডেস্ক
নদীর পাড়ে খেলতে গিয়ে খরস্রোতা যমুনা নদীতে পড়ে দুই শিশু মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুরে চিতুলিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটোর নাম ছোঁয়া (৭) ও রিতু (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন। রিতু মোহনের মেয়ে ও সুমনের মেয়ে ছোঁয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর তীরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলা করছিলো দুই বোন ছোঁয়া ও রিতু। একপর্যায়ে খেলার স্থলে রিতু যমুনা নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে ছোঁয়া এগিয়ে গেলে সেও নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে নদীর তীরে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
