শ্রীলঙ্কার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা

ফাতেগ ডেস্ক

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আটটি সিরিজ বোমা হামলায় মোট ২০৭ জন নিহত হওয়ার ঘটনায় ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান শোক ও সমবেদনা জানিয়েছেন। এই ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠিয়েছে বিশ্বনেতারা। ‘রয়টার্স’

খ্রিস্টানদের ‘ইস্টার সানডে’তে গির্জাসহ হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বলেন, ‘শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের এই অঞ্চলে (দক্ষিণ এশিয়া) এমন বর্বরতার কোনো জায়গা নেই। ভারত শ্রীলঙ্কার সাধারণ মানুষের পাশে আছে। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পৃথক টুইটে বলেছেন, ‘শ্রীলঙ্কার প্রতি আমরা পূর্ণ সহমর্মিতা জানাচ্ছি।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে শ্রীলঙ্কার হামলাকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করে টুইটে বলেছেন, ‘শ্রীলঙ্কায় গির্জায় ও হোটেলে এই সন্ত্রাসী হামলা উদ্বেগজনক। নিষ্ঠুর এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিশ্চিত করতে হবে, কাউকে যেন ভয় নিয়ে নিজের ধর্ম পালন করতে না হয়।’

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এক টুইটবার্তায় বলেছেন, ‘ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে রক্তাক্ত হামলার ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

কিছুদিন আগে সন্ত্রাসী হামলার শিকার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন , ‘আমরা সব ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। শ্রীলঙ্কায় গির্জায় অবস্থানরত মানুষদের ওপর হামলা হতে দেখাটা আমাদের জন্য বেদনাদায়ক। নিউজিল্যান্ড সব ধরনের উগ্রবাদকে পরিত্যাগ করেছে। আমরা সবাইকে নিরাপদে প্রার্থনা করার স্বাধীনতা দিতে বদ্ধপরিকর।’ এই সহিংসতার বিরুদ্ধে সকলকে একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘শ্রীলঙ্কার সাধারণ মানুষদের প্রতি অস্ট্রেলিয়া সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছে। দারুণ প্রয়োজনের এই সময়ে আমাদের পক্ষে যা যা সহায়তা দেওয়া সম্ভব, আমরা সবটুকু দিতে প্রস্তুত।’

আগের সংবাদনুসরাতের ঘটনায় ন্যায়বিচার নিয়ে শঙ্কিত : টিআইবি
পরবর্তি সংবাদবিকৃত প্রচারে কান দেবেন না : শ্রীলংকার প্রেসিডেন্ট