বিকৃত প্রচারে কান দেবেন না : শ্রীলংকার প্রেসিডেন্ট

ফাতেগ ডেস্ক

শ্রীলংকার রাজধানী কলম্বোর কেন্দ্রস্থল ও আশপাশেরে এলাকার তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে বোমা হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচ শতাধিক। এ ঘটনায় বিকৃত ও ধারণাভিত্তিক প্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে আটটায় এ হামলার ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। তবে কোনও বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

ঘটনার পর এক টুইটে বার্তায় শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা বলেন, ‘আজ আমাদের জনগণের ওপর যে কাপুরুষোচিত হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুঃখজনক সময়ে সব শ্রীলংকানদের এক হওয়ার ও শক্ত থাকার আহ্বান জানাই। দয়া করে যাচাই-বাছাই না করে বিকৃত ও ধারণাভিত্তিক প্রচারে কান দেবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

এদিকে, হামলার পরপরই কলম্বোয় মোতায়েন সেনাবাহিনী করা হয়। বন্ধ করে দেয়া হয় বিমান চলাচল। দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

হামলার পরপরই দেশটির নিরাপত্তা বিষয়ক পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে।

আগের সংবাদশ্রীলঙ্কার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা
পরবর্তি সংবাদমসজিদে হারামে এবারের তারাবিহ ও তাহাজ্জুদে ৬ ইমাম