ভোটার তালিকা : ১ম ধাপে ১৩৫ উপজেলায় হালনাগাদ

ফাতেহ ডেস্ক

মঙ্গলবার শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। প্রথম ধাপে ১৩ মে পর্যন্ত নেয়া হবে ৬৪ জেলার ১৩৫ উপজেলার তথ্য। তৃতীয় লিঙ্গের ভোটারসহ এবার ১৬ বছর বয়সীদেরও তালিকায় অন্তর্ভুক্ত করছে কমিশন। নির্ভুল তালিকা প্রশ্নে নিবন্ধন অনুবিভাগ বলছে, নিবন্ধনের পর ভোটারদের দিয়েই মিলিয়ে নেয়া হবে তাদের দেয়া তথ্য।

দেশে এই মুহূর্তে ভোটার আছেন ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। প্রতিবছর তালিকা হালনাগাদের বাধ্যবাধকতা থাকলেও জাতীয় নির্বাচনের জন্য এক বছর বিরতি দিয়ে ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে হালনাগাদ। এবার নতুন ভোটার হতে পারেন ৮০ লাখের মতো নাগরিক।

আগে ১৮ বা এর বেশি বয়সীদের অন্তর্ভুক্ত করা হলেও, এবারই প্রথম ১৬ বছর বয়সীদের তথ্যও নিচ্ছে কমিশন। এতে ২০০৪ সালের পয়লা জানুয়ারি বা তার আগে জন্ম নেয়াদের তথ্য সংগ্রহ চলবে ১৩ই মে পর্যন্ত। প্রথম ধাপে ১৩৫ উপজেলার তথ্য সংগ্রহ শেষে ২৫ মে শুরু হবে নিবন্ধন। সারা দেশের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ চলবে অক্টোবর পর্যন্ত।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানাচ্ছে, ভোটার তালিকা হালনাগাদে কঠোর অবস্থানে যাচ্ছেন তারা। রোহিঙ্গাপ্রবণ এলাকায় হয়েছে বিশেষ কমিটি। এবারই প্রথম দেয়া হচ্ছে তৃতীয় লিঙ্গের ভোটার হওয়ার সুবিধা।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, বিশেষ কমিটি করা হয়েছে, যাতে করে রোহিঙ্গা বা বাংলাদেশি নাগরিক হওয়ার যোগ্য যারা না, তারা যাতে কোনভাবেই নাগরিকত্ব না পায়।

এসব উদ্যোগে সাধুবাদ জানিয়ে তালিকা নির্ভুলে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছেন বিশ্লেষকরা।

জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, নাগরিক অধিকার বা নাগরিক হিসিবে ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টি, সেখানে কোন রকমের ত্রুটি-বিচ্যুতি থাকাটা বিপদজনক।

নির্ভুল তালিকার প্রতিশ্রুতি দিয়ে নিবন্ধন অনুবিভাগ বলছে, এবারই প্রথম, নিবন্ধনের পর ভোটারদের দিয়েই তথ্য মিলিয়ে নেবেন তারা। এতে ভুলে সুযোগ প্রায় থাকছেই না।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম মনে করেন, একটা ভোটারের যাতে কোন ভাবেই তার তথ্য ভুল না হয়, নির্ভূলভাবে যাতে ভোটারের তথ্য বের হয়ে আসে সে ব্যবস্থা থাকবে এবার।

এছাড়া বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফিলতি পেলে কোনো ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

আগের সংবাদকলম্বিয়ায় ভূমিধ্বসে নিহত ১৭
পরবর্তি সংবাদশবে বরাতে মসজিদ থেকে ডেকে এনে স্কুলছাত্র খুন