
ফাতেহ ডেস্ক
ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোটগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির মুর্শিদাবাদের ভগবানগোলায় বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বুথের (১৮৮ নম্বর) সামনে কংগ্রেস এবং তৃণমূল সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এক কংগ্রেস কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত হয়েছেন আরও অন্তত দুজন।
মঙ্গলবার সকাল থেকেই ভারতের ১৩টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৭টি আসনে ভোটগ্রহণ চলছে। প্রচুর সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে প্রদান করতে আসেন। এরমধ্যেই এ দূর্ঘটনাটি ঘটলো।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, নিহত ওই কংগ্রেস কর্মীর নাম আব্দুল কালাম টিয়ারুল শেখ। এ ছাড়া আহত দুই কংগ্রেস কর্মী নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন মেহবুব শেখ এবং তাহিজুল শেখ।
নির্বাচন কমিশনের বরাত দিয়ে দেশটির প্রথম সারির গণমাধ্যম জানায়, দুপুর ১টা নাগাদ পশ্চিমবঙ্গে ভোট পড়েছে মোট ৫২.৩৭ শতাংশ। এর মধ্যে বালুরঘাটে ভোট পড়েছে ৫৬.১৬ শতাংশ, মালদহ উত্তরে ৪৯.৭৭ শতাংশ, মালদহ দক্ষিণে ৫০.৪৪ শতাংশ, জঙ্গিপুর ৫২.৮২ শতাংশ এবং মুর্শিদাবাদে ৫০.৩২ শতাংশ।
