
ফাতেহ ডেস্ক
জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদে যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার (২৮ এপ্রিল) সকালে শেখ জামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে হানিফ বলেন, যেসব সংসদ সদস্যরা এখনও শপথ নেয়নি, তারা তাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে শপথ নেবেন এবং সংসদ অধিবেশনে যোগদান করবেন বলে আশা করছি।
একাদশ জাতীয় সংসদের এমপিরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তাই এই সংসদকে বৈধ হিসেবে উল্লেখ করেন হানিফ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি থেকে নির্বাচিতরা সংসদে যোগে দেবেন বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা। জনগণের রায়ের প্রতি বিএনপির শ্রদ্ধা প্রদর্শন করা উচিত বলেও মনে করেন তিনি।
এর আগে শুক্রবার এক ব্রিফিংয়ে বিএনপি থেকে সদ্য শপথ নেওয়া ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানকে অভিনন্দন জানিয়ে বাকিরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে শপথ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মাহবুব উল আলম হানিফ।
এদিকে বিশ্বে চলমান জঙ্গি হামলায় বাংলাদেশের নিরাপত্তাজনিত বিষয় তুলে ধরেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি বলেন, সারা বিশ্ব আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে আক্রান্ত। তবে বাংলাদেশের কঠোর অবস্থানের কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রাখা গেছে।
