
ফাতেহ ডেস্ক
দেশের ব্যাংকিং খাত নিয়ে সরকার খুশি নয়। রাজনৈতিক কারণেই জটিলতা দূর করা যাচ্ছে না বলে জানিয়েছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে দ্রুত বিকাশমান অর্থনীতির শীর্ষ ৫টি দেশের কাতারে বাংলাদেশ। এ ধারা অব্যাহত রেখে কিভাবে টেকসই উন্নয়ন করা যায় সে-বিষয়ে সেমিনারের আয়োজন করে বিআইডিএস। এতে উঠে আসে সম্ভাবনা ও প্রতিবন্ধকতার নানা দিক।
সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, প্রবৃদ্ধি আগের চেয়ে বেড়েছে। বেশকিছু সামাজিক সূচকে এগিয়েছে দেশ। কিন্তু বড় ঘাটতি রয়ে গেছে ব্যাংক খাতে। ঋণ খেলাপির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিতে পারলে বৈশ্বিক মানদণ্ডে পিছিয়ে যাবে বাংলাদেশ। তাই বিশ্বমানের আর্থিক খাত নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
ব্যাংকিং খাতের দুর্বলতার কথা স্বীকার করেন পরিকল্পনামন্ত্রীও। কিছুটা কঠিন হলেও সংস্কারের লক্ষ্যে সরকার আন্তরিক রয়েছে বলেও জানান তিনি।
সেমিনারে অর্থনৈতিক ব্যবস্থায় জবাব্দিহিতা নিশ্চিত করাসহ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
