
ফাতেহ ডেস্ক
বর্তমান বিশ্বের সবচেয়ে প্রাচীন সাম্রাজ্যের সিংহাসন ছাড়লেন সম্রাট আকিহিতো। ধর্মীয় আচার আর রাজকীয় রীতির মধ্য দিয়ে অবসরের আনুষ্ঠানিকতা শুরু করলেন জাপানের ১২৫তম সম্রাট। বুধবার বড় ছেলে যুবরাজ নারুহিতোর কাছে আকিহিতো দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে শেষ হচ্ছে তার অধ্যায়।
জাপানের ২ হাজার ৬শ বছরের প্রাচীন সাম্রাজ্যের রাজত্ব করেছেন ১২৫ জন সম্রাট। তবে প্রথার বাইরে গিয়ে ২শ বছরের মধ্যে প্রথম অবসরে যাচ্ছেন সম্রাট আকিহিতো।
বাবা হিরোহিতোর অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় জাপানে বড় বিপর্যয় ডেকে আনে। ১৯৮৯ সালে তার মৃত্যুর পর দেশের সার্বিক অগ্রগতির ধারা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ছেলে আকিহিতো।
নিজেকে প্রথাগত সম্রাটের বাইরে নিয়ে জনগণের নেতা হিসেবে অধিষ্ঠিত করেন আকিহিতো। জাপানের শিক্ষা, সংস্কৃতি আর উন্নয়নে গতি আনেন তিনি। ২০১৬ সালে বার্ধক্যের কারণে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
মঙ্গলবার টোকিওর রাজপ্রাসাদে অবসরের আনুষ্ঠানিকতা শুরু করেন আকিহিতো। সম্রাট হিসেবে শেষবার পরিদর্শন করেন ইসি জিংসের রাজ মন্দির। ঐতিহাসিক এই মুহূর্তকে জাপানের নতুন দিনের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
টেম্পল ইউনিভার্সিটির পরিচালক জেফ কিংস্টোন বলেন, এই রাজ পরিবার দীর্ঘদিনের ইতিহাসের সাক্ষী। ৩ যুগ ধরে জাপানের দায়িত্বে ছিলেন আকিহিতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানে আমূল পরিবর্তন আনেন তিনি। ক্ষমতা বা যুদ্ধ নয়, সবসময় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। আকিহিতোর যোগ্য উত্তরসূরি ছেলে নারুহিতো।
রাজনৈতিক-প্রশাসনিক ক্ষমতা না থাকলেও গুরুত্পূর্ণ জাতীয় সিদ্ধান্তে সম্রাটের মতকেই প্রধান্য দেয়া হয় জাপানে। ৮৫ বছর বয়সী আকিহিতোর সিদ্ধান্তেই দেশের আইন পরিবর্তন করে প্রথমবার চালু হয় সম্রাটদের অবসরের রীতি।
পহেলা মে থেকে জাপানে শুরু হচ্ছে নতুন যুগ রেইওয়া। জাপানি ভাষায় যার অর্থ শান্তি ও প্রগতীর যুগ।
