
ফাতেহ ডেস্ক
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও নেত্রকোণায় ৭ জনের মৃত্যু হয়েছে।
বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রচণ্ড ঝোড়ো বাতাসে কাঠের ঘর ধসে দাদি ও নাতির মৃত্যু হয়। রাত আড়াইটার দিকে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামের বাঁধঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝড়ো হাওয়ায় গাছচাপা পড়ে ভোলার দক্ষিণ দীঘলদিতে এক নারী নিহত হন।
সকালে লক্ষ্মীপুরের রামগতির চর আলগী এলাকায় ঘর চাপায় পড়ে আনোয়ারা বেগম নামে একজন মারা গেছেন।
নোয়াখালীর কোম্পানিগঞ্জে গাছচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এর আগে সুবর্ণচরে রাত সাড়ে ১০টার দিকে ঝোড়ো বাতাসের আঘাতে ঘরের নিচে চাপা পড়ে ১৩ মাস বয়সী এক শিশু মারা গেছে।
সন্ধ্যায় বজ্রপাতে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ফতুয়া গ্রামে মোহসিন নামের এক কৃষক নিহত হয়েছেন।
