
ফাতেহ ডেস্ক
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানীতে বইছে দমকা হাওয়া বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। বিভিন্ন জায়গায় গাছ পড়ে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। সড়কে যানবাহনের সংখ্যাও অনেক কম। তবে কোথাও জলাবদ্ধতা তৈরি হয়নি।
ঝড়ো বাতাসে রাজধানীর বিভিন্ন সড়কে উপড়ে পড়েছে অনেক বড় গাছ। এতে যান চলাচলে সাময়িক সংকট দেখা দেয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রমজীবী মানুষের চলাচলও কম। বন্ধ রয়েছে রাস্তার পাশের টং দোকানগুলোও। তারপরও জীবিকার তাগিদে বের হয়েছেন কেউ কেউ।
রাজপথে পাবলিক বাসও নেমেছে কম। একদিকে থেমে থেমে বৃষ্টি, আরেকদিকে যান সংকট। সব মিলিয়ে বিড়ম্বনায় রাজধানীবাসী।
এই বৃষ্টিতে জনদুর্ভোগ তৈরি হলেও আশার কথা ঢাকার রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়নি।
