
ফাতেহ ডেস্ক
কুষ্টিয়ায় গৃহবধূ তুলি খাতুন হত্যা মামলায় স্বামী আজাদ মন্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালের ১৮ মে যৌতুকের জন্য স্ত্রী তুলি খাতুনকে পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখে আজাদ মন্ডল। এ ঘটনায় তুলির বাবা বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করেন। আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে।
এছাড়া কৃষক ডাবলু হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসাথে প্রত্যেকের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাচালান মামলায় ফটিক আলী নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী।
