
আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পুওয়াকপিতিয়া তামিল মহাবিদ্যালয়। খ্রিষ্টানদের স্কুল হিসেবেই পরিচিত এ প্রতিষ্ঠান। এখানে শিক্ষকতা করতেন ১১ জন মুসলিম শিক্ষিকা, যারা নিয়মিত হিজাব পরে ক্লাস নিতেন। কিন্তু গত মঙ্গলবার ঘটে ব্যত্যয়। হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে ওই ১১ জন মুসলিম শিক্ষিকাকে সেদিন স্কুল-কর্তৃপক্ষ স্কুলে প্রবেশ করতে দেয়নি।
ওই শিক্ষিকারা স্কুল চত্বরে উপস্থিত হলে স্কুলের উন্নয়নবিষয়ক সোসাইটির অভিভাবক সদস্যরা ও সাবেক শিক্ষার্থীরা তাদের স্কুলে প্রবেশে বাধা দেয়। ওই শিক্ষিকাদের বলা হয়, তারা যদি শাড়ি পরে আসেন তাহলেই মাত্র তাদের স্কুলে প্রবেশ করতে দেয়া হবে। এ নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে দেশটির ওয়েস্টার্ন প্রদেশের গভর্নর আজাথ স্যালি এতে হস্তক্ষেপ করেন। তিনি ওই শিক্ষিকাদের অন্য একটি স্কুলে স্থানান্তরিত করেন।
