গুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে নিহত ২৫, জরুরি অবস্থা জারি

ফাতেহ ডেস্ক: গুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, রাজধানী গুয়েতেমালার সিটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ২৫ মাইল দূরে এ অগ্ন্যুৎপাত হয়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সার্গেও কাবানাস জানান, ফুয়েগো আগ্নেয়গিরি থেকে নির্গত লাভায় তলিয়ে গেছে এল রোডেও গ্রামটি। এ ঘটনায় বহু মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরো কয়েকশ মানুষ। এ ছাড়া ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি।

আকাশ ছাইয়ে ঢেকে যাওয়ার কারণে রাজধানীর লা আওরোরা বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট জিমি মোরালেস।

স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭৪ সালে এ আগ্নেয়গিরি থেকে সর্বশেষ লাভা নির্গত হয়েছিল।

বিবিসি জানায়, অগ্ন্যুৎপাতে অন্তত ১৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। বাতাসে ছাই থেকে রক্ষা পেতে সরকারি কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন।

গুয়েতেমালা মিলিটারি জানায়, পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রয়টার্স জানায়, দেশটিতে গত চার দশকের মধ্যে এ আগ্নেয়গিরিতে এটিই সবচেয়ে বড় লাভা নির্গত হওয়ার ঘটনা।

উল্লেখ্য, ‘ফুয়েগো’ শব্দের অর্থ আগুন। এ আগ্নেয়গিরিটির অবস্থান রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।

আগের সংবাদখালেদা জিয়ার জামিন না হলে কঠোর আন্দোলন: নজরুল ইসলাম খান
পরবর্তি সংবাদআগামী বাজেটে নতুন করারোপ হচ্ছে না: অর্থমন্ত্রী