আগামী বাজেটে নতুন করারোপ হচ্ছে না: অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক: আগামী বাজেটে ঢালাওভাবে কর্পোরেট কর কমানো হচ্ছে না। তবে মাঝামাঝি স্তরে কর্পোরেট কর হার কিছুটা কমানো হবে। আর নিম্ন ও উচ্চ স্লাবের (২৫, ৪২ দশমিক ৫ ও ৪৫ শতাংশ) কর্পোরেট কর অপরিবর্তিত থাকছে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সচিবালয়ে বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ইঙ্গিত দেন।

অর্থমন্ত্রী বলেন, সবচেয়ে বড় সুখবর হচ্ছে নতুন করে কোন কর আরোপ হচ্ছে না। ব্যক্তি শ্রেণীর আয়ের কর সীমা বাড়ছে না। আগামী বাজেটে ভ্যাটের স্তর ৯টি থেকে নামিয়ে ৫টি করা হচ্ছে। শেষ পর্যন্ত ৩টি স্তর রাখাই হবে আমাদের মূল্য লক্ষ্য।

তিনি আরও বলেন, নতুন বাজেটের আকার ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো হবে। এটি আজ রাত (সোমবার) বা আগামীকাল চুড়ান্ত হবে।

বিদ্যমান কর কাঠামো অনুযায়ী, কর্পোরেট করের ৮টি স্তর আছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিকে ২৫ শতাংশ; তালিকাবহির্ভূত কোম্পানিকে ৩৫ শতাংশ; পুঁজিবাজারে তালিকাভুক্ত ও ২০১৩ সালে অনুমোদন পাওয়া নতুন ব্যাংককে ৪০ শতাংশ; তালিকাবহির্ভূত ব্যাংককে ৪২ দশমিক ৫০ শতাংশ; মার্চেন্ট ব্যাংককে ৩৭ দশমিক ৫০ শতাংশ; সিগারেট, জর্দা ও গুলসহ তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী কোম্পানিকে ৪৫ শতাংশ; তালিকাভুক্ত মোবাইল কোম্পানিকে ৪০ শতাংশ ও তালিকাবহির্ভূত কোম্পানিকে ৪৫ শতাংশ এবং কোম্পানির লভ্যাংশ আয়ের ওপর ২০ শতাংশ কর্পোরেটর কর দিতে হয়। এর বাইরে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানকে ১০ ও ১২ শতাংশ এবং সমবায় প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ হারে কর্পোরেট ট্যাক্স দিতে হয়।

করারোপ না হলে রাজস্ব আয় বাড়বে কিভাবে – এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, করদাতার সংখ্যা বাড়ছে। যদিও অনুমান ছিল এ সংখ্যা ১৫ থেকে ২০ লাখ হবে। কিন্তু ৩৩ লাখ ছাড়িয়েছে। এছাড়া আদায়ের ক্ষেত্রে হয়রানি কমছে। স্বচ্ছতা বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) কর্মকর্তাদের মানুষিক অবস্থার পরিবর্তন হয়েছে। এজন্য এনবিআরকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আইনের জটিলতা কমানোর পাশাপাশি ২শ’ উপজেলায় ট্যাক্স অফিস স্থাপন করা হয়েছে। যে কারণে আয়কর বাড়বে।

অর্থমন্ত্রী বলেন, সকল উপজেলায় ট্যাক্স অফিস স্থাপন করতে আরও ২ থেকে ৩ বছর সময় লাগবে। এটি করা হবে।

আয়কর সীমার কোনো পরিবর্তন না করার যৌক্তিকতা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে ট্যাক্স দেয়ার সর্বনিম্ন হার হচ্ছে মাথাপিছু আয়ের ১০ শতাংশের সমান। আমাদের হচ্ছে ২০ শতাংশ। ফলে এক্ষেত্রে বারবার বাড়ানোর প্রয়োজনীয়তা দেখছি না।

অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিয়কালে তিনি বলেন, মোট আয়ের প্রথম উৎস হচ্ছে ভ্যাট এবং দ্বিতীয়টি হল আয়কর। ৩৪ থেকে ৩৫ শতাংশ আয় আসছে আয়কর থেকে। আগামী ২ থেকে ৩ বছরে এটি ৫০ শতাংশে নেয়ার লক্ষ্য বেধে দেয়া হয়েছে। বাজেটে অবহেলিত প্রতিবন্ধী আছে এমন ব্যক্তির ক্ষেত্রে বছরে ৫০ হাজার টাকা আয়কে করমুক্ত করা হচ্ছে। কর্পোরেট ট্যাক্সে কোনো পরিবর্তন হচ্ছে না। সারচার্জ আগের মতোই রয়েছে।

কর্পোরেট কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগের তুলনায় কয়েকটি ক্ষেত্রে কমানো হয়েছে। বর্তমান কর্পোরেট ট্যাক্স ৩৭ দশমিক ৫ শতাংশ হচ্ছে সর্বোচ্চ। মোবাইল কোম্পানি ও ব্যাংকসহ কিছু ব্যতিক্রম কোম্পানি ছাড়া। কিন্তু দু’টি কর্পোরেট কর রেট রাখা হয়েছে। তা হচ্ছে ৪২.৫ ও ৪৫ শতাংশ। মোবাইল ও তামাক কোম্পানির ক্ষেত্রে ৪৫ শতাংশ থাকবে। কর্পোরেট কর ৩৭.৫ শতাংশের নিচেরগুলোতে কোনো পরিবর্তন করা হয়নি।

আগের সংবাদগুয়েতেমালায় অগ্ন্যুৎপাতে নিহত ২৫, জরুরি অবস্থা জারি
পরবর্তি সংবাদফতুল্লায় চাঁদাবাজির সময় পলাশ বাহিনীর ৪ সদস্য আটক