
ফাতেহ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে রিকশাওয়ালাদের কাছ থেকে চাঁদাবাজির সময় পুলিশ ধাওয়া করে ৪ জনকে আটক করেছে। এ সময় সন্ত্রাসীদের গডফাদারখ্যাত শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশের খলিফা আজিজুল হকসহ ৩ জন দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো- লিটন (৩৫), আল আমিন (৩৫), হাসান হাওলাদার (৩০) ও রাজু (২৮)।
সোমবার সকালে ফতুল্লার পঞ্চবটি মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও চাঁদাবাজির দুই হাজার ৪৬০ টাকা জব্দ করেছেন।
এর আগে পলাশের অবৈধ দখল থেকে বুড়িগঙ্গার তীর উদ্ধার করে বিআইডব্লিউটিএ। ওই সময় পলাশের চার খলিফার একজন সর্দার মোকাররমকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড করে ছেড়ে দেয় এবং তাদের তৈরি দোতলা একটি বিল্ডিং ঘুরিয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
এরপর রিকশাচালকদের চাঁদাবাজমুক্ত রাখতে অভিযান চালিয়েছে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের (পিপিএম) জানান, সে যত বড় সন্ত্রাসী, গডফাদার হোক সড়কের কোথাও কাউকে একটি টাকাও চাঁদাবাজি করতে দেব না। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান মাত্র শুরু করলাম। প্রথম দিনে ৪ জনকে আটক করা হয়েছে। ওই সময় আজিজুল হক হাওলাদার তার সহযোগী জব্বার ও শাহীনকে নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তাদেরকেও আটকের চেষ্টা চলছে। তারা পঞ্চবটির মোড়ে রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজি করে থাকে।
এ ঘটনায় পুলিশের এএসআই তারেক আজিজ বাদী হয়ে আজিজুলসহ ৭ জন চাঁদাবাজের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
