
ফাতেহ ডেস্ক
গত সোমবার (১৩ মে) রাতে পুলিশের সঙ্গে মানবপাচারকারীদের গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, ‘টেকনাফের শাপলাপুর মেরিন ড্রাইভ উপকূলে মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের জড়ো করে সমুদ্রপথে ট্রলারে উঠিয়ে দেওয়ার খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এ ঘটনায় দুই রোহিঙ্গার মৃত্যু হয় এবং চার পুলিশ সদস্য আহত হন।’
নিহত রোহিঙ্গারা হলেন, টেকনাফের বাহারছড়া শাপলাপুর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২৫) ও জামতলী ক্যাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২)।
ওসি বলেন, ‘যেসব মানবপাচারকারী সক্রিয় হয়ে উঠছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। যেকোনও মূল্যে সমুদ্রপথে মানবপাচার বন্ধ করা হবে।’
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘হঠাৎ করে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা বেড়ে গেছে। মানবপাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা শিবিরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।’
