
ফাতেহ ডেস্ক
বেদাতপন্থীদের হাতে দখল হয়ে যাওয়া চট্টগ্রামের ” ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা ” গতকাল ১৬ মে রোজ বৃহস্পতিবার পুলিশের মধ্যস্থতায় ফিরে পায় মাদরাসাটির মূল মালিকগন। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
মাওলানা আজিজুল হক জানান, গত ১৫ মে বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানের মোতাওয়াল্লী কর্তৃক মনোনীত পরিচালকের হাতে তুলে দিতে প্রশাসনের কাছে দাবী জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী। উক্ত সংবাদ সম্মেলন থেকে মাদরাসাটি দখলমুক্ত না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়।
তবে কর্মসূচীতে নামার আগেই আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় মাদরাসাটি দখলমুক্ত হয়। এবং সিদ্ধান্ত অনুযায়ী সেখানে প্রথম জুমার নামাজে অংশগ্রহণ করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল এই প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র হাবিবুর রহমান মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। এই ঘটনাকে পুঁজি করে স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির নেতৃত্বে ১১ এপ্রিল সকাল সাড়ে এগারোটায় বহিরাগতদের সন্ত্রাসী হামলায় অসংখ্য ছাত্র-শিক্ষক গুরুতরভাবে আহত হন। এবং স্থানীয় এক জনপ্রতিনিধির নেতৃত্বে মাদরাসার অফিস ভাঙচুর করে দাওয়াতে ইসলাম নামের বেদয়াতিরা মাদরাসাটি দখল করে।
