হাজারিবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফাতেহ  ডেস্ক

রাজধানীর হাজারিবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির (৪৬) ও গিয়াসউদ্দিন (৪২) নামে দু’জন নিহত হয়েছে।

রোববার ভোররাতে হাজারিবাগ থানার মধুমতি সিটি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে জানিয়ে র‌্যাব বলছে, নিহতরা কয়েকদিন আগে শ্রীমঙ্গল থেকে চা বোঝাই একটি কভার্ডভ্যান ছিনতাইয়ের সঙ্গে জড়িত চক্রের সদস্য।

র‌্যাব-২ এর কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী জানান, পাঁচ/ছয়দিন আগে ইস্পাহানি টি লিমিটেডের ৯ টন চা বহনকারী কাভার্ডভ্যান শ্রীমঙ্গল থেকে ছিনতাই করে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। ওই চক্রের সদস্যরা কাভার্ডভ্যানটি নিয়ে পুরান ঢাকায় আসছে– এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ হাজারিবাগ থানার মধুমতি সিটি এলাকায় চেকপোস্ট বসায়।

তিনি জানান, রাত পৌনে ৩টায় কাভার্ডভ্যানটি চেকপোস্ট অতিক্রম করার সময় তাদের থামার সংকেত দেয়া হলে ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর কাভার্ডভ্যানের চালক মনির ও তার সহকারী গিয়াসউদ্দিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করার কথা জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্য আহত হয়েছেন।

আগের সংবাদরাঙ্গামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা খুন
পরবর্তি সংবাদযেকোন সংঘাত ইরানকে শেষ করে দেবে: ট্রাম্প