
ফাতেহ ডেস্ক
রোহিঙ্গা পালানো ঠেকাতে কক্সবাজারের আশ্রয়শিবির কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেবে সরকার। শিগগিরই এ বিষয়ে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে নিরাপত্তার কঠোর করতে ক্যাম্পের ভেতরে ও বাইরে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলাবাহিনীর টহল বাড়ানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় গত শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ ও পেকুয়া থেকে ৮৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ ও কোস্টগার্ড। এভাবে গত ছয় মাসে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দুশ’রও বেশি রোহিঙ্গা আটক হয়েছে।
এছাড়া গত দেড় বছরে দেশের বিভিন্ন জায়গা থেকে ৫৮ হাজারের বেশি রোহিঙ্গাকে উদ্ধার করে আশ্রয় শিবিরে ফেরত পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে ৫৩৬ দালালকে। কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির ছেড়ে এভাবে রোহিঙ্গাদের পালানোর ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি ক্যাম্পে আছে ১১ লাখ রোহিঙ্গা। এসব ক্যাম্পে নেই কাঁটাতারের বেড়া বা সীমানা প্রাচীর। সন্ধ্যার পরে ক্যাম্পের বাইরে না আসার নিয়ম থাকলেও মানছে না রোহিঙ্গারা। এ কারণে আশ্রয় শিবির ঘিরে কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
রোহিঙ্গাদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের জড়িয়ে পড়া ঠেকাতেও নজর দিচ্ছে সরকার।
রোহিঙ্গারা যাতে বাংলাদেশের পাসপোর্ট নিতে না পারে, সে ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
