
ফাতেহ ডেস্ক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ তদন্ত করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। কোনো রকম দুর্নীতি হলে তদন্তে বেরিয়ে আসবে বলে মঙ্গলবার জানান তিনি। এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলছেন, মন্ত্রণালয়ের তদন্তে কোনো গাফিলতি হলে নেয়া হবে আইনি ব্যবস্থা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের ব্যবহারের আসবাবপত্রসহ নানা সামগ্রী কেনায় অস্বাভাবিক মূল্য নির্ধারণের বিষয়টি গণমাধ্যমে আসার পর থেকেই চলছে সমালোচনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন নানা শ্রেণির মানুষ।
বিষয়টি তদন্তে দুটি কমিটি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এ নিয়ে প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী জানান, রূপপুরের কেনাকাটা সংক্রান্ত সব বিল এরই মধ্যে আটকানো হয়েছে। আসলেই কোনো দুর্নীতি হয়েছে কি না তা সাত কর্মদিবসের তদন্তে বেরিয়ে আসবে বলেও জানান তিনি।
এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জানান, মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্তে কোনো গাফিলতি থাকলে, ব্যবস্থা নেয়া হবে বলেও জানান দুদকের চেয়ারম্যান।
