তারাবি পড়তে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ মিলল পরদিন

ফাতেহ ডেস্ক

নওগাঁ সদর উপজেলায় রাসেল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সদর উপজেলার শৈলকূপা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাসেল হোসেন শহরের মাস্টার পাড়ার মহল্লার কামাল হোসেনের ছেলে। সে ছোটবেলা থেকেই শৈলকূপায় মামার বাড়িতে থাকত।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল হোসেন বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে তার লাশ দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, রাসেলের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ খুনের সঙ্গে জড়তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

আগের সংবাদকাশ্মীরে আল-কায়েদা ট্যাগ দিয়ে স্বাধীনতাকামী যুবককে হত্যা, স্থানীয়দের বিক্ষোভ
পরবর্তি সংবাদচাঁদার জন্য সবজি বিক্রেতা জবি শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধর!