
ফাতেহ ডেস্ক
ইউরোপের দেশ ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিয়নের একটি ব্যস্ততম সড়কে পার্সেল বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৩ জন।
কর্তৃপক্ষের মতে, শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে ভিক্টর হুগো ও সালা সড়কের পাশে এই বিস্ফোরণটি ঘটে। এতে আহতদের মধ্যে একজন আট বছর বয়সী শিশুও রয়েছে।
ফরাসি পুলিশের দাবি, ভয়াবহ এই হামলার পর দেশের সকল জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাছাড়া সড়কে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ ইতোমধ্যে একজন সন্দেহভাজনের ছবিও প্রকাশ করেছে। হামলার সময় কালো পোশাক পরিহিত আনুমানিক ৩০ বছর বয়সী সেই সন্দেহভাজন হামলাকারীর কাছে একটি কালো রঙের মাউন্টেন বাইসাইকেল ছিল।
এ দিকে লিয়ন শহরের মেয়র ডেনিস ব্রোলিকিয়ার বলেন, ‘এখন পর্যন্ত সব মিলিয়ে এ হামলা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। কেননা পার্সেল বোমাটির ক্ষমতা ছিল খুবই কম। যে কারণে আশপাশের দেওয়ালের সঙ্গে ধাক্কা ও কাঁচ ভেঙে পথচারীরা আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে আছেন। তবে তাদের খুব দ্রুতই বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।’
