দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

সরকার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে। সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের বিশেষ সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা মনে করেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে অগ্রগতি হবে না সমাজের।

নারী উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গড়ে তোলা হয় বিশেষায়িত ব্যবসা প্রতিষ্ঠান জয়িতা ফাউন্ডেশন। এর পরিচালক নিয়োগ ও ধানমণ্ডিতে বরাদ্দ দেয়া জায়গায় নিজস্ব ভবন নির্মাণে গণভবনে এই বিশেষ সভা। সভার শুরুতেই জয়িতা ফাউন্ডেশনের উদ্দেশ্য নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

নারীর উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বীরঙ্গনাদের সামাজিক মর্যাদা দিয়ে তাদের পুর্নবাসন করেন জাতির পিতা।

যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের জন্য বঙ্গবন্ধুর উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। নারীশিক্ষা এবং তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই কাজ করছেন বলে জানান শেখ হাসিনা।

নারীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে সরকার তাদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করছে বলে জানান প্রধানমন্ত্রী। নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ ও যুগোপযোগী করার তাগিদ দেন তিনি।

আওয়ামী লীগ ভোগের রাজনীতি করে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সমাজে সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

আগের সংবাদট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু ২৯ মে
পরবর্তি সংবাদশেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিচ্ছে বিএনপি