মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ : নারী পুলিশ আহত

ফাতেহ ডেস্ক

রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়, নারী পুলিশ সদস্য এস আই রাশেদা খাতুনসহ দুইজন আহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত এসআই রাশেদা খাতুন ছাড়া অন্যজনের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে পুলিশের গাড়িচালক কনস্টেবল শফিক জানান, ফ্লাইওভারের ওপর থেকে কারা যেন কিছু একটা ছুড়ে মারে। এতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এ সময় আশেপাশের ভবনের গ্লাস ভেঙ্গে যায় বলেও জানান কনস্টেবল শফিক।

বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স এবং পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তবে, কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ২৯শে এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময়, তিন পুলিশ সদস্য আহত হন। হামলার সময় ওই পুলিশ সদস্যরা সড়ক বিভাজকের পাশের যাত্রী ছাউনিতে ছিলেন। এ সময়, হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেলে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে গুলিস্তানে পুলিশের ওপর হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এর পরদিন ৩০শে এপ্রিল অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এই খবর প্রকাশ করে।

আগের সংবাদকাঠমান্ডুতে দুটি বিস্ফোরণে নিহত ৪
পরবর্তি সংবাদসৌদি আরবের জিযান বিমান বন্দরে ইয়েমেনের ড্রোন হামলা