
ফাতেহ ডেস্ক
দলীয় সভাপতির পদ ছাড়ার ব্যাপারে অনড় ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। লোকসভায় দলের ভরাডুবির পর সোমবার দলকে নতুন সভাপতি খোঁজার কথা জানান তিনি। আগামী ৪ দিনের মধ্যে এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির।
লোকসভা নির্বাচনে ভরাডুবির কারণ অনুসন্ধানে ও পরবর্তী করণীয় ঠিক করতে শনিবার বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। বৈঠকে দলের সভাপতির পদ ছাড়ার প্রস্তাব করেন রাহুল গান্ধী। এসময় মা সোনিয়া গান্ধী কিংবা বোন প্রিয়াঙ্কা গান্ধীকে তার উত্তরসূরি না করার আহ্বান জানান তিনি। সেসময় সর্বসম্মতিতে পদত্যাগের প্রস্তাব বাতিল করে কমিটি।
তবে পদ ছাড়ার বিষয়ে এখনো অনড় কংগ্রেস সভাপতি। দলের দুই শীর্ষ নেতার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। রাহুল গান্ধীকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানোর পরিকল্পনা করছে দল।
শীর্ষ নেতারা গান্ধী পরিবারের সদস্য ছাড়া আর কাউকে কংগ্রেসের নেতৃত্বে কল্পনা করতে না পারছেন না। তবে তাদের এই প্রবণতাকেই দলটির বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন কিছু বিশ্লেষক। তাদের মতে কংগ্রেসকে বিজেপির শক্তিশালী প্রতিপক্ষ করতে নেতৃত্ব দিতে হবে গান্ধী পরিবারের বাইরের কারো হাতে।
এবারের নির্বাচনেও ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ৪২১ আসনে প্রার্থী দিয়ে জিতেছে মাত্র ৫২ আসন। কয়েক মাস আগে রাজস্থানে বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করেছিলো কংগ্রেস। অথচ লোকসভা নির্বাচনে সেখানে একটিও আসন পায়নি দলটি।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ব্যর্থতায় দায় নিয়ে একে একে পদত্যাগের ঘোষণা আসে বিভিন্ন রাজ্য থেকে। ব্যর্থতা মেনে পদত্যাগ করেন উত্তর প্রদেশে দলের সভাপতি রাজ বাব্বার, আমেথির যোগেন্দ্র মিশ্র, ওড়িশার নিরঞ্জন পটনায়ক, কর্নাটকের এইচ কে পাটিল এবং রাজস্থানের লাল চাঁদ কাটারিয়াও।
