ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী করতে চান নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। এক টুইটার বার্তায় মোদি বলেছেন, ইরান ও ভারতের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং এ সম্পর্ককে আরো শক্তিশালী করতে হবে। খবর পার্সটুডের।

নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দেশটির সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মোদিকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন। নিজের অফিসিয়াল টুইটার পেজে সোমবার রাতে সেই বার্তার জবাব দেন ভারতের প্রধানমন্ত্রী।

টুইটার বার্তায় নরেন্দ্র মোদি বলেন, তেহরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে নয়াদিল্লি সব রকম চেষ্টা চালিয়ে যাবে।

সম্প্রতি সাত দফায় ভারতের ৫৪২ আসন বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ মে ঘোষিত ফলাফলে দেখা যায় ভারতীয় জনতা পার্টি এককভাবে ৩৪৩ আসনে বিজয়ী হয়ে আবার সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। এপ্রিল মাসে শুরু হওয়া লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৯০ কোটি ভোটার।

ভারতের সরকার গঠনের জন্য একটি রাজনৈতিক দলকে ২৭২ আসন পেতে হলেও বিজেপি তার চেয়ে অনেক বেশি আসন পাওয়ায় আগামী পাঁচ বছর একটি শক্তিশালী সরকারের নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদি। তবে তার দলের উগ্র হিন্দুত্ববাদী চেতনার কারণে বিজেপি’র এ ভূমিধস বিজয়ে মুসলমানসহ ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আগের সংবাদসংখ্যালঘু মুসলমানদের স্বার্থরক্ষার জন্য নরেন্দ্র মোদিকে মাওলানা মাহমুদ মাদানির চিঠি
পরবর্তি সংবাদঅস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত : ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই-এর মামলা