অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত : ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই-এর মামলা

ফাতেহ ডেস্ক

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযানে এসব মামলা দায়ের করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে পণ্য বিক্রির অপরাধে রাজধানীর খিলগাঁও চৌরাস্তার বি-বাড়িয়া সুইটস, হাজারীবাগ বাজার এলাকার শরীয়তপুর স্টোর ও ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানী পণ্য বিক্রি করায় আজিমপুর মীনাবাজারের বিরূদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় খিলগাঁও এলাকার ডেডিসন বিডি রেস্টুরেন্ট, মুক্তা বিরিয়ানী হাউজ ,বৈশাখী রেস্টুরেন্ট, তিলপাপাড়ার আল রহমান হোটেল, ধানমন্ডির বিল্লাহ স্পাইসি ফুড, মায়েসা ইতালিয়ান ফুড, ফরমোসা কিউ স্মুথিস, ইটওয়ে, হট প্লেটকে জরিমানা করা হয়।

এছাড়া বেশি মূল্যে মাংস বিক্রির অপরাধে নিউমার্কেট কাঁচাবাজারে সাত্তার এন্টারপ্রাইজ ও মজনু মিয়ার মাংসের দোকানকেও জরিমানা করা হয়েছে এবং মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করায় নুর মোহাম্মাদ স্টোরের ২ জনকে ২ মাসের ও মাংসে কৃত্রিম রং মেশানোর অপরাধে সোলেমানের মাংসের দোকানের ১ জনকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।

বিএসটিআই’র অপর একটি অভিযানে রাজধানীর মহাখালী এলাকায় ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় মেসার্স কুমিল্লা জেনারেল স্টোর, মেসার্স হানিফ সবজি স্টোর ও মেসার্স মা ভেজিটেবল স্টোর এবং মোড়কে পণ্যের পরিচিতি, ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় শাহীন শপিং কমপ্লেক্স-এর মেসার্স বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার এবং মেসার্স মিতা স্টোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং পণ্যের পরিচিতি উল্লেখ না করায় রাজশাহীর তানোরের থানার মোড় এলাকায় মেসার্স ফিরোজ স্টোরের ড্যানিসের কারী পাউডার ও মুন্ডুমালা বাজার এলাকার মেসার্স মুন্নি স্টোরের চিপস জব্দ করা হয়।

এছাড়া বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে লন্ড্রি সাবান বিক্রির অপরাধে বগুড়ার কালীবাজার এলাকার মেসার্স নিউ শাহ আমানত সোপ ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছে।

ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে সিলেটের খাদিমনগর এলাকার আক্কাস ভ্যারাইটিজ স্টোর, চৌধুরী ট্রেডার্স এবং মেজরটিলা এলাকার খাঁন এন্টারপ্রাইজ ও আশরাফ ব্রাদার্সের বিরুদ্ধে মামলা করা হয় বলে বিএসটিআই সূত্র জানায়।

আগের সংবাদইরানের সঙ্গে ভারতের সম্পর্ক শক্তিশালী করতে চান নরেন্দ্র মোদি
পরবর্তি সংবাদহযরত শাহজালাল ইয়ামানী : কিংবদন্তি সুফী ও মুজাহিদ আলেম