
ফাতেহ ডেস্ক
বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ৩১ কিলোমিটার পাতাল রেল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল নির্মাণের সবশেষ অগ্রগতি নিয়ে এক সভা শেষে তিনি এ কথা জানান।
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রোরেল হচ্ছে সেটি নির্মাণ হলেই রাজধানীর যানজট পুরোপুরি কমবে না বলে মনে করেন তিনি।
সড়কমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ৬টি এমআরটি লাইনের কাজ শেষ হলেই নগরবাসী রাজধানীতে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এখন কিছু ভোগান্তি হলেও দীর্ঘস্থায়ী স্বস্তির জন্য নগরবাসীর সহযোগিতা চান তিনি।
এদিকে, খালেদা জিয়ার ইফতার নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, জেলকোড অনুসারেই খালেদা জিয়াকে ইফতার দেয়া হচ্ছে। ৩০ টাকার ইফতারে তিনি অসন্তুষ্ট হলে বরাদ্দ বাড়ানোর ব্যবস্থা নেয়া হবে। তবে ইফতার নিয়ে বিএনপির রাজনীতি করা উচিৎ নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
