ভারতে ইফতারের আয়োজন বন্ধ, ধর্মনিরপেক্ষতা কি শুধু মুসলমানদের জন্য?

ভারতের রাষ্ট্রপতি ভবনে দীর্ঘদিন ধরেই রমজান মাসে ইফতারের রীতি চলে আসছে। তবে এ বছর থেকে আর ইফতারের আয়োজন করা হবে না বলে রাষ্ট্রপতি ভবন জানিয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব অশোক মালিক সংবাদসংস্থা পি টি আইকে বলেন, “রামনাথ কোভিন্দ দায়িত্ব নেয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে রাষ্ট্রপতি ভবনের মতো সরকারী ভবনগুলোতে কোনো ধরণের ধর্মীয় অনুষ্ঠান পালন করা চলবে না। এ ধরনের সব অনুষ্ঠানই যেহেতু করদাতাদের দেয়া অর্থে করা হয়, তাই ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণ করে কোনোরকম ধর্মীয় অনুষ্ঠান পালন না করা সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”

পর্যবেক্ষকরা মনে করেন, এটা বিজেপির একটা দ্বৈত অবস্থান। নিজেরা ধর্মভিত্তিক রাজনীতি করলেও মুসলিম ধর্মীয় অনুষ্ঠানকে ধর্মনিরপেক্ষতার অজুহাত দিয়ে বাতিল করছে তারা। ধর্মনিরপেক্ষতা কি শুধু মুসলমানদের জন্য, অনেকে এই প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে বিশিষ্ট তাত্ত্বিক মইন মুস্তাইনের কাছে প্রশ্ন করলে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা একটি অস্পষ্ট পরিভাষা। কে কখন কীভাবে এই পরিভাষা ব্যবহার করছে, এটা ঠিক করা একটু মুশকিলই বটে। তবে ভারতের মতো রাষ্ট্রে মুসলমানদের জন্য ধর্মনিরপেক্ষতার প্রশ্ন মোকাবেলা করা বেশ কঠিন বলে তিনি মনে করেন। কেননা তারা নির্যাতনের ভয়ে একে অস্বীকারও করতে পারছেনা, আবার মাঝে মাঝে ধর্মনিরপেক্ষতার ভুল প্রয়োগেরও শিকার হচ্ছে তারা।

প্রসঙ্গত বহুদিন ধরেই রাষ্ট্রপতি ভবনে রোজার সময়ে ইফতার আয়োজিত হয়ে আসছে। এর আগে এ পি জে আব্দুল কালাম যখন রাষ্ট্রপতি ছিলেন, সেই পাঁচ বছরও অবশ্য রাষ্ট্রপতি ভবনে ইফতার আয়োজিত হয়নি।

তবে তার পরে দায়িত্ব নেয়া প্রতিভা পাতিল বা কোভিন্দের আগে রাষ্ট্রপতি পদে আসীন থাকা প্রণব মুখার্জী প্রতিবছরই ইফতারের আয়োজন করতেন।

 

আগের সংবাদআল্লাহর আইনে মাদক নির্মূল করা সম্ভব -মাওলানা হাসানাত আমিনী
পরবর্তি সংবাদইমেজ সঙ্কটে ইমরান খান ?