
ফাতেহ ডেস্ক
নাটোরের বড়াইগ্রামের চান্দাইয়ে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে আবদুল হান্নান বাদশা (৪২) নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবারের লোকজন।
বুধবার ভোর ৪টার দিকে সাহরির পর ফজরের নামাজ আদায়ের সময় মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
আবদুল হান্নান বাদশা রাজশাহী মহানগর জামায়াতের সাবেক নেতা ও ইসলামী ব্যাংক হাসপাতাল লক্ষীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা।
তিনি বড়াইগ্রামের চান্দাই গ্রামের বাসিন্দা ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে একাধিকবার জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল হাইয়ের বড় ছেলে।
আবদুল হান্নান বাদশার স্ত্রী খাদিজাতুল কোবরা জানান, মঙ্গলবার বিকালে দুদিনের ছুটিতে তারা রাজশাহী থেকে গ্রামের বাড়িতে আসেন। বুধবার সাহরির পর দুইটি মোটরসাইকেলে আসা ৫-৬ জন সাদা পোশাকধারী লোক পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে।
এ সময় আবদুল হান্নান ফজরের নামাজ পড়ছিলেন। পরে তারা ঘরের ভেতর ঢুকে তিনি ও তার স্বামীর মাথায় অস্ত্র ঠেকিয়ে বাদশাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না।
এদিকে বাদশার সন্ধান দাবিতে বড়াইগ্রাম থানায় গেছেন তার পরিবার। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।
এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, লোকমুখে ঘটনা শুনেছি। তবে পরিবার অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
