‘আমার প্রত্যেক বাজেটই নির্বাচনী বাজেট’

ফাতেহ ডেস্ক:  এবারের বাজেট ‘নির্বাচনী বাজেট’ এমন সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমার প্রত্যেক বাজেটই নির্বাচনী বাজেট।’

শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ বাজেট গরীব মারার বাজেট কিনা— এ প্রশ্নের জবাবে সাংবাদিকদের সমালোচনা করে অর্থমন্ত্রী পাল্টা প্রশ্ন করে জানতে চান দেশে দরিদ্র মানুষ বাড়ছে কি-না?

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দেশে দরিদ্র মানুষ বাড়ছে না— এক সময় দেশে দরিদ্র মানুষের হার ছিল ৭০ শতাংশ। গত সাত বছর আগেও দেশে দরিদ্র মানুষের হার ছিল ৩০ শতাংশ। এখন দেশে দরিদ্র মানুষের হার ২২ দশমিক ৪ শতাংশ। সুতরাং এ বাজেট গরীব মারার বাজেট— এ কথাটা ঠিক না।’

বাজেটে করপোরেট ট্যাক্স হার কমানোর প্রস্তাব নিয়ে এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘৪০ শতাংশের ওপর করপোরেট কর খুব কম দেশেই আছে। সেটাও নামিয়ে আনা হয়েছে।’

অনলাইনে কেনাবেচা সেবায় ৫ শতাংশ ভ্যাট আরোপ যথাযথ হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘কেনাবেচার ওপরেই তো চার্জ বসানো হয়। অনলাইন কেনাবেচা এখন অনেক বেড়েছে। তাই চার্জ বসানো যেতেই পারে।’

আগের সংবাদকানাডার উদ্দেশে দুবাই ত্যাগ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদধানমন্ডিতে ভবনের ১৩ তলা থেকে পড়ে নিহত ৩