
ফাতেহ ডেস্ক
ভ্যাট না দিয়ে ইউটিউব, ফেসবুক, গুগল, ও বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারের দিন শেষ হচ্ছে। ভ্যাট আইন পাস হলে জুলাই থেকে বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধনের আওতায় আসতে হবে তাদের। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তারা জানান, আইন না মানলে প্রয়োজনে এসব যোগাযোগ মাধ্যম এদেশে চলবে না।
প্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে বদলে গেছে বিজ্ঞাপন প্রচারের ধরন। টিভি পত্রিকার পাশাপাশি বিজ্ঞাপন প্রচারের বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, গুগল, জিমেইলের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।
টিভি পত্রিকার বিজ্ঞাপন থেকে ১৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকার। কিন্তু আইনি দুর্বলতার কারণে অনলাইনে প্রচারিত বিজ্ঞাপন থেকে ভ্যাট আদায় করা যাচ্ছে না। তাই নতুন আইনে এসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, আইন পাস হলে ভ্যাট নিবন্ধন অথবা এজেন্ট নিয়োগে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয়া হবে। সাড়া না মিললে বিটিআরসির মাধ্যমে বিজ্ঞাপন কিংবা সাইটও বন্ধ করে দেয়া হতে পারে।
একইভাবে বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমেও দেশে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে । এসব বিজ্ঞাপন থেকেও ভ্যাট পায় না সরকার। ইউটিউব ফেসবুকের মতো আইনের আওতায় আসবে এসব বিজ্ঞাপনও।
এনবিআর কর্মকর্তারা জানান, প্রতিবেশি দেশ ভারতে ইউটিউব ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অফিস রয়েছে। কর সংক্রান্ত বিষয়ে এসব অফিসের মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেদেশের সরকার।
