
ফাতেহ ডেস্ক
প্রথমবারের মতো ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি নিয়ে এসেছে স্পেনের একটি ব্যাংক। এই পদ্ধতিতে মুখের ছবি তুলে পরিচয় নিশ্চিত করার পর অর্থ সেবা পাচ্ছেন কাইশাব্যাংকের গ্রাহকরা। এতে ব্যাংকের পাসওয়ার্ড মনে রাখতে হচ্ছে না। এমনকি দরকার হচ্ছে না ডেবিট বা ক্রেডিট কার্ডের।
মনে রাখতে হচ্ছে না চার সংখ্যার পিন নম্বর, বহন করতে হচ্ছে না ডেবিট বা ক্রেডিট কার্ড। ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনের জন্য গ্রাহকের চেহারাই এখন তার পরিচয়পত্র।
বার্সেলোনার কাইশাব্যাংকে চেহারা স্ক্যানের মাধ্যমে এটিএম বুথ থেকে সহজেই টাকা তুলতে পারছেন গ্রাহকরা।
গ্রাহকদের ফেসিয়াল রিকগনিশনের সুবিধা পেতে, যার যার স্থানীয় ব্যাংকে গিয়ে ছবি তুলতে হবে। সেখানে বিশেষ প্রক্রিয়ায় ছবি তুলে রাখা হয়। ফেসিয়াল রিকগনিশনের কারণে, অর্থ উত্তোলন হবে আরও বেশি নিরাপদ।
কাইশাব্যাংক ডিজিটাল বিজনেসের পরিচালক বেনজামি পুইদেভাল বলেন, “নিরাপত্তার কথা চিন্তা করেই অর্থ উত্তোলনের সঙ্গে ফেসিয়াল রিকগনিশেনের বিষয়টি যুক্ত করি। এতে কোরে, আমরা আমাদের ডাটাবেসে গ্রাহকদের ছবি আগে থেকে নিয়ে রাখি। গ্রাহকের চেহারার সঙ্গে মিললেই তিনি অর্থ তুলতে পারবেন।”
স্পেনের তৃতীয় বৃহত্তম ব্যাংক কাইশাব্যাংকের মোট গ্রাহক এক কোটি ৩৭ লাখ। ২০১২ সালে প্রথম যোগাযোগহীন এটিএম ইনস্টল করে ব্যাংকটি।
কাইশাব্যাংকের গ্লোবাল কাস্টমার এক্সপেরিয়েন্স পরিচালক জর্দি নিকোলা, “আমাদের ব্যাংকে এমন একজন গ্রাহক আছেন, যার যমজ ভাই আছেন। তাদের নিয়ে আমরা প্রাথমিকভাবে পরীক্ষা চালাই। কারণ তাদের চেহারা অনেকটাই একরকম। তবে এক্ষেত্রেও যিনি আমাদের গ্রাহক, তিনিই অর্থ উত্তোলন করতে পেরেছেন। কিন্তু যিনি গ্রাহক নন, তিনি পারেননি। তাই আমরা নিশ্চিন্তে বলতে পারি, এই প্রযুক্তির কারণে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা নেই।”
ফুজিতসু এবং ফেসফাইকে সঙ্গে নিয়ে নতুন প্রযুক্তি ইনস্টল করা হচ্ছে ব্যাংকের এটিএম বুথে। ২০১৯ সালের শেষ নাগাদ এক হাজারের বেশি বুথে এ সুবিধা পাবেন গ্রাহকরা।
