
ফাতেহ ডেস্ক
ডিআইজি মিজানের অনিয়ম তদন্তের দায়িত্বে থাকা দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি নিয়মবহির্ভূত কাজে জড়িত এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
ডিআইজি মিজানের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে এনামুল বাছিরের বিরুদ্ধে। এ সংক্রান্ত অনুসন্ধান কমিটির প্রতিবেদনে পাওয়া তথ্য, সাংবাদিকদের জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ডিআইজি মিজানের দুর্নীতি তদন্তে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ডিআইজি মিজান গত রোববার একটি বেসরকারি টেলিভিশনে দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নেন।
টেলিভিশনে ঘুষ লেনদেনের সপক্ষে মিজান ও এনামুল বাছিরের মোবাইল কথোপকথনের কয়েকটি অডিও ক্লিপও শোনানো হয়। এরপর রোববারই দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখতকে প্রধান কোরে তদন্ত কমিটি করে দুদক।
