
ফাতেহ ডেস্ক
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। এসময় এজাহারের বাইরে থাকা ৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২০ জুন। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই গ্রেপ্তার হবে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন।
নুসরাত হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৬ আসামিসহ ২১জনকে দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে হাজির করা হয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের সুপারিশ অনুযায়ী, এজহারের বাইরে থাকা ৫ জনকে অব্যাহতি দেন বিচারক মো. মামুনুর রশিদ। আর গ্রেপ্তার হওয়া বাকী ১৬ আসামির বিষয়ে সিদ্ধান্ত হবে ২০ জুন মামলার চার্জ গঠনের দিন।
এদিকে, সচিবালয়ে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নুসরাত হত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। দাবি করেন, ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারে চেষ্টার কোনো ক্রুটি হচ্ছে না।
মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলায় গত ৪ এপ্রিল, সোনাগাজীর ইসলামিয়া মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।
