
ফাতেহ ডেস্ক
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন। সংগঠনটির সফররত মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়ামন গিলমোর বলেছেন, তারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, তবে মানবিক কারণে এ নিয়ে কথা বলছে ইইউ। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিএনপি নেত্রীর বিরুদ্ধে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত, এ বিষয়ে সরকারের কিছু করার নেই। গুলশানে আইনমন্ত্রীর বাসায় বৈঠক শেষে এ কথা বলেন তারা।
মূলত রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতেই বাংলাদেশে এসেছেন ইয়ামন গিলমোর। সোমবার ঢাকা এসেই আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা, ডিজিটাল নিরাপত্তা আইন, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড এবং খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইয়ামন গিলমোর।
ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়ামন গিলমোর বলেন, ইউরোপীয় ইউনিয়ন কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, তবে খালেদা জিয়ার বয়সের কারণেই তার বর্তমান স্বাস্থ্য অবস্থা নিয়ে উদ্বিগ্ন। এটি মানবিক বিষয় বলেই আমরা এ নিয়ে চিন্তিত।
এসময় আইনমন্ত্রী জানান, দুর্নীতির দায়ে খালেদা জিয়ার বিচার হয়েছে। এতে সরকারের কোন দায় নেই।
কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে মঙ্গলবারই মিয়নামার সফরে যাবেন ইয়ামন গ্লিমোর। রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান করতে দেশটি ওপর ইউরোপীয় ইউনিয়নের চাপ অব্যাহত রাখার তাগিদ দেন আইনমন্ত্রী।
