
ফাতেহ ডেস্ক
কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতে চায় না ইরান। তবে বিদেশি আগ্রাসনকে রুখতে ও নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যথাযথ পদক্ষেপ নেয়ার ইরানের অধিকার। বুধবার তেহরানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন এই কথা জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বিরাজ করলেও পরমাণু সমঝোতাকে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন রুহানি। রুহানি জানান, তাই ২০১৫ সালের পরমাণু চুক্তিতে থাকার যথাযথ চেষ্টা করবে ইরান। তেহরান ও টোকিও শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি ব্যবহারের পক্ষে এবং পরমাণু অস্ত্রের বিরোধী বলেও মন্তব্য করেন রুহানি।
বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখতে আগ্রহী বলে জানিয়েছেন রুহানি। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠকে বসবেন শিনজো আবে।
